সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় প্রাণ গেল আরও ১৯৮ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৫২, রাজশাহীতে ৯, খুলনায় ২৬, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। হাসপাতালে ‍মৃত অবস্থায় আনয়ন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৪৯ জন এবং নারী ৮ হাজার ৩৯৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯১ থেকে ১০০ বছরের ২, ৮১ থেকে ৯০ বছরের ১২, ৭১ থেকে ৮০ বছরের ৩৪, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪১, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১১, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি