বিনোদন ডেস্ক:
দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতি ঈদেই একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন। এবার তিনি আসছেন রান্নার অনুষ্ঠান নিয়ে।
এটিএন বাংলার রান্না বিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদেরকে নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন তিনি। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকবে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশ বিশেষ গেয়ে শোনাবেন তিনি। এ অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


























































