ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন হল থেকে চৌধুরী আরেফিন (৩০) নামে এক ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে হলের ২০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে ঘুমের ইনজেকশন ও বেশ কিছু সিগারেট পাওয়া যায়।
চৌধুরী আরেফিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চৌধুরী মোস্তফা আলীর ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চলতি বছরের মার্চ মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, ‘মঙ্গলবার নাইট ডিউটি শেষে সকালে হলের ওই কক্ষে দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমিয়ে পড়েন আরেফিন। এরপর সারা দিন রুমের দরজা না খোলায় ও কোনো সাড়া না পাওয়ায় অন্যদের সন্দেহ হয়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সেখানে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানায় তার মরদেহ পড়ে আছে।’ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘কীভাবে তার মৃত্যু হলো সেটি পুলিশের তদন্তে জানা যাবে। তার মৃত্যুতে হাসপাতালের সংশ্লিষ্ট সবাই শোকাহত।’


















































