শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবার বাড়িতে আর যাওয়া হলো না অঞ্জনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গৃহবধু অঞ্জনা বিশ্বাস। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আদমপুর থেকে বাবার বাড়ি জেলার গোর্কণ এলাকায় যাওয়ার জন্য রওয়ানা করে।স্বামীর বাড়ি থেকে এটিই ছিলো তার জীবনের শেষ যাওয়া। কে জানতো এই যাত্রা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে?

শুক্রবারের ট্রলার ডুবির ঘটনায় মেয়েসহ ডুবে মারা যান মা। এ সময় সাঁতরে বেঁচে যায় নিহত অঞ্জনার ছেলে সৌরভ বিশ্বাস (১৬) ও মেয়ে সৌরভী।

অতিরিক্ত যাত্রী নিয়ে বিজয়নগরের চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথেই লইচকা বিলে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে ডুবে যায় ট্রলারটি।

এসময় অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে কোনরকম সাঁতরে তীরে উঠতে পারলেও অঞ্জনা ও তার আরেক মেয়েকে কেড়ে নেয় লইচকার বিল।

হাসপাতালে ফটকে কথা হয় নিহত অঞ্জনা বিশ্বাসের ননদ লক্ষীরানীর সাথে। তিনি বলেন, তার ছোট ভাই প্রবাসে চলে যাবে বলে ৬/ ৭ মাস পড়ে বাবার বাড়িতে বেড়াতে আসছিল অঞ্জনা। নৌকায় থাকা অবস্থায় কয়েকবার বাড়িতে ফোনও দিয়েছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর ফোন দিয়ে তার ছেলে সৌরভ বলে আমাদের নৌকা ডুবে গেছে। মা আর ছোট বোনকে খোঁজে পাচ্ছি না বলে কান্নাকাটি শুরু করছে। আমরা খবর পেয়ে হাসপাতালের এসে তাদের মরদেহ শনাক্ত করি।

ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে।

জেলা প্রশাসক জানান, পরিচয় শনাক্ত হওয়ায় রাতেই ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় মরদেহ পরিবহনের জন্যে স্বজনদের কাছে ২০ হাজার করে টাকা দেয়া হয়।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে প্রায় ১২০ জন যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী নৌকাটি লইসকা বিলে ডুবে যায়। বালু ভর্তি ২টি বলগেটের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি