বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইপিএল খেলতে অনুমতি চেয়ে আবেদন সাকিব-মুস্তাফিজের


আইপিএল খেলতে অনুমতি চেয়ে আবেদন সাকিব-মুস্তাফিজের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাঝপথে এসে স্থগিত হয়ে যায় আইপিএল। এরপর সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম পর্বে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

সাকিব-মুস্তাফিজকে দ্বিতীয় পর্বেও পাওয়ার আশা দেখছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। আইপিএলে যেতে ইতোমধ্যে বোর্ডের কাছে আবেদন করে রেখেছেন দুই জনই। মুস্তাফিজ কিছুদিন আগে আবেদন করলেও সাকিব করেছেন গতকাল। তাদের দুজনের আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার সিদ্ধান্ত জানাবে বিসিবি।

আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান এ কথা জানান। তিনি বলেন, ‘মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব গতকাল আবেদন করেছে। আমরা ১ তারিখ এ নিয়ে সিদ্ধান্ত নেব।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। একই মাঠে বিশ্বকাপের আগে আইপিএল সাকিব-মুস্তাফিজদের প্রস্তুতি সহজ করে দিবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা তো আমাদের জন্য অনেক ভাল একটা সুযোগ যে, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলবে, যার স্টান্ডার্ড অনেক উঁচু মানের। সেখানে যদি ভাল পারফরম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে।’ বোর্ড তাদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে পজিটিভ আছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি