মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢামেক ডাক্তারের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. পীযূষ কান্তির বিরুদ্ধে অস্ত্রোপচারের কথা বলে কয়েকজন রোগীর কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার থেকে আসা শিশু নাফিজা আক্তার (৪), কিশোরগঞ্জের ইটনা থেকে আসা আমজাদ হোসেন (৪৮), নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা তানিয়া আক্তারের (১০) স্বজনসহ বেশ কয়েকজন গণমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।

 

কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে ঢামেকে আসা নাজিফা আক্তারের বাবা খোরশেদ আলম জানান, রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাসার ছাদে খেলার সময় তার মেয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাফিজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে সোমবার (৩০ আগস্ট) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা তাকে দেখে মাথার সিটিস্ক্যান করাতে বলেন। সিটিস্ক্যান রিপোর্ট দেখার পর চিকিৎসকরা তাকে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নেন। সোমবার রাত ৮টার দিকে নাজিফার মাথায় অস্ত্রোপচার করা হবে বলে জানান চিকিৎসকরা।

শিশু নাজিফার বাবার অভিযোগ, নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক পীযূষ কান্তি তাদের জানান, অপারেশন করতে একটি মেশিন প্রয়োজন, সেটি ঢামেক হাসপাতালে নেই। এই মেশিনটি কেনার জন্য প্রায় ১০ হাজার টাকা লাগবে।

 

খোরশেদ আলম বলেন, এই কথা শোনার পরে আমি আমার ভাইকে ফোন দিয়ে টাকাসহ দ্রুত হাসপাতালে আসতে বলি। সে আসার পর আবার ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে দুই হাজার টাকা কমিয়ে আট হাজার টাকা দেওয়া হয়। এরপর তিনি আমাদের একটি ভাউচারও দেন। রাত ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে অপারেশন শুরু করেন ওই চিকিৎসক। অস্ত্রোপচার শেষে সেখানে নাজিফাকে অবজারভেশনে রেখে পরে ওয়ার্ডে পাঠানো হয়।

শিশুটির বাবা বলেন, আমরা যখন জানতে পারলাম হাসপাতালে অস্ত্রোপচারের জন্য কোনো টাকা লাগে না তখন ওই চিকিৎসকের কাছে গেলে তিনি বলেন, আমাদের কাছ থেকে কোনো টাকা নেননি তিনি। তবে তিনি যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন তার ভাউচারও আছে আমাদের কাছে, এখন সেটিও অস্বীকার করছেন ওই চিকিৎসক।

 

এদিকে, একই চিকিৎসকের বিরুদ্ধে কিশোরগঞ্জের ইটনা থেকে আসা আমজাদ হোসেন নামে এক রোগীর কাছে থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমজাদের ভাই মোশারফ হোসেন বলেন, আমার ভাই চলতি মাসের ২ তারিখে ঢাকা মেডিকেলের ২০১ নম্বর ওয়ার্ডের সাত নম্বর বেডে ভর্তি হন। তখন চিকিৎসকরা জানান, ভাইয়ের অপারেশন করাতে হবে। এ সময় অপারেশনের জন্য যে মেশিন দরকার সেটি ঢামেকে নেই জানিয়ে তা কেনা বাবদ ডা. পীযূষ আমাদের কাছ থেকে ১০ হাজার টাকা নেন। পরে সে রাতেই ভাইয়ের অপারেশন হয়। অপারেশনের কয়েকদিন পরে এ মাসের ১৩ তারিখে চিকিৎসাধীন অবস্থায় ভাই মারা যান।

মোশারফ হোসেন বলেন, এই চিকিৎসকের ব্যবহার ভালো না। আমার ভাইকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন ছিল। আমরা তাকে অনেক অনুরোধ করেও ঢামেকে আইসিইউয়ের ব্যবস্থা করতে পারিনি। তখন ওই চিকিৎসক বলেন, ধানমন্ডিতে আমার পরিচিত একটি হাসপাতালে আইসিইউ আছে, তোমরা সেখানে যেতে পারো। কিন্তু আমরা টাকার অভাবে ভাইকে সেখানে নিতে পারিনি। এর মধ্যে আমার ভাই তো মারাই গেল।

এছাড়া নারায়ণগঞ্জ থেকে আসা তানিয়া (১০) নামে এক শিশুর স্বজনের কাছ থেকেও ডা. পীযূষ অপারেশনের কথা বলে ৪০০ টাকা নিয়েছেন বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে সোমবার (৩০ আগস্ট) রাতে ডা. পীযূষ কান্তির মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্রের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, এক চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের একটু সমস্যা হয়েছে। বিষয়টি আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিস্তারিত না জেনে আমি কিছু বলতে পারব না। বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে জানানো হবে।

এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ওই চিকিৎসকের বিরুদ্ধে এমন ঘটনা আগেও শুনেছি। আজকে (সোমবার) অফিস বন্ধ থাকায় আগামীকাল (মঙ্গলবার) অফিসে গিয়ে বিষয়টি দেখবো।

তিনি আরও বলেন, অভিযোগকারী ব্যক্তিরা লিখিত অভিযোগ দিলে যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি