ডেস্ক রিপোর্ট:
ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন খন্দকার (২০) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। শিশুটির মা এ ঘটনায় মামলা দায়ের করার পর বুধবার দুপুরে অভিযুক্তকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত ধর্ষক আল-আমিন শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তাদের বসতঘরে ডেকে নেয়। এ সময় তাদের ঘরে কেউ না থাকার সুযোগে আল-আমিন শিশুকে ধর্ষণ করে। পরে এ বিষয়টি শিশু তার মায়ের কাছে বলে দেয়।
পরে বিষয়টি শিশুর মা পরিবারের অন্য সদস্য ও এলাকার গণ্যমান্যদের জানালে আল-আমিনের মামাসহ এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে বুধবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, অভিযুক্ত ধর্ষক আল-আমিন কর্তৃক ইতোপূর্বেও বিধবা ও বৃদ্ধা দুই নারী অনুরূপ ঘটনার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা তখন কোনোপ্রকার আইনের আশ্রয় নেননি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত আল-আমিনকে তার বাড়ি থেকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে নারী ও নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।


















































