শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » একজন দক্ষ ও সফল কূটনীতিবিদের প্রতিভূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন


একজন দক্ষ ও সফল কূটনীতিবিদের প্রতিভূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যখন ছোট্ট শিশুটি মায়ের কোল আলো করে পৃথিবীর বুকে এসেছিলেন, তার পিতা-মাতা কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে একবিংশ শতাব্দীর বিশ্বসেরা একজন রাজনৈতিক নেতা, দক্ষ কূটনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন তাদের এই ছোট্ট ফুটফুটে মেয়েটি? অবশ্য বিশ্বাস না হতে চাইলেও যে অবিশ্বাসের দোলাচলে ভুগবার কোনো সুযোগ নেই। শিশুটির বাবার নাম শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে যিনি হয়ে উঠেছিলেন বাঙালিদের প্রাণের বন্ধু, বঙ্গবন্ধু।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু কি তার এই একটিই পরিচয়? তাকে যদি কোনো বিশেষ বিশেষণে বিশেষায়িত করতে যাই, কথা হয়ত ফুরিয়ে যাবে কিন্তু বিশেষণগুলো অবিরাম চলতেই থাকবে। সেদিকে আমরা বরং আজকে না যাই। রাষ্ট্রের চাকাটি কীভাবে সচল রাখতে হয়, কীভাবে মানুষের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠতে হয়, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ভালো করে হয়ত আর কেউ জানেন না। যোগ্য পিতার যোগ্য সন্তান যাকে বলে।

কিন্তু শুধুমাত্র দেশে জনপ্রিয় হলে তো হবে না, বরং আজকের বিশ্বে চাই এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজটিই করে চলেছেন সুচারুভাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মূল সুর ছিল যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়।

আজকের বিশ্বে আমরা কী দেখতে পাচ্ছি? বিশ্ব যেখানে হানাহানি আর লক্ষ্মণের শক্তিশেলের মতো নিজেদের শৌর্য প্রদর্শনে মত্ত, ঠিক সেখানেই মানবতার আহ্বান নিয়ে এগিয়ে আসছেন আমাদের প্রধানমন্ত্রী। চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরছি না কেন? অর্থনৈতিক, সামরিক, ভূ-তাত্ত্বিক- সবক্ষেত্রেই তারা একে অপরকে টেক্কা দেয়ার চেষ্টায় রত। কিন্তু বাংলাদেশ কিন্তু সেখানে ভারতের মতো কেবল চীনপন্থী কিংবা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রপন্থীর মতো আচরণ করছে না। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করছে, চীনও বিনিয়োগ করছে। কেন? কারণ, সুসম্পর্কটা কীভাবে বজায় রাখতে হয়, তা আমাদের প্রধানমন্ত্রী জানেন। এছাড়াও মহামারি করোনার সময় চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য- তিন দেশ থেকেই আমাদের দেশে টিকা এসেছে। যদিও বর্তমানে কোয়াড কিংবা অকাস চুক্তির মতো ডামাডোলে বিশ্ব এখন টালমাটাল, ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের ভাষণে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন ঐক্যের। বলছেন এই বিশ্বকে এখন হানাহানি থামিয়ে জলবায়ু সংকটের মতো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে, তার ডাক দিয়েছেন। ঐক্যের ডাক দিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন তৃতীয় বিশ্বের দেশগুলোর। বৈশ্বিক ডামাডোলে আজ পৃথিবী যখন ছন্নছাড়া অবস্থানে শঙ্কার নিত্য দোলাচলে ঘুরপাক খাচ্ছে, সেখানে জাতিসংঘের ভাষণে মানবতার বাণী পৌঁছে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও যুগান্তকারী পদক্ষেপের ফলেই বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আনা সম্ভব হয়েছে। বিশ্বের অনেক ধনী দেশগুলোও যখন টিকা পায়নি, তখন দেশের মানুষের জন্য বিনামূল্যে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অতি সম্প্রতি ভারত করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে সংকট তৈরি হয়েছিল।

অনেকের মনে এটা একটা প্রশ্ন যে ভারত এবং চীনের মধ্যে দা-কুমড়োর মতো সম্পর্ক। ভারতের আমাদের সীমান্ত প্রতিবেশী। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ভারতের কী অবদান ছিল, তা আমরা সবাই জানি। আবার চীন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধাবস্থান করেছিল, সেটিও আমরা জানি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে চীন এবং ভারত- দুটো দেশের সাথেই আমাদের খুবই চমৎকার সম্পর্ক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীন এবং ভারত পরস্পরের মধ্যে বৈরিতা থাকলেও ব্যালেন্স করে দুটো দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। দুটি দেশের সঙ্গেই বাংলাদেশ তার সম্পর্ক একটি নির্দিষ্ট গতিপথে চলমান রেখেছে। বাংলাদেশ খুবই স্বচ্ছন্দ্যের সাথে চলছে দুটি দেশের সাথে। যেখানে অন্য কোনো দেশ হলে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতো, ঠিক সেখানেই প্রধানমন্ত্রী তার কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে দুটো দেশের মধ্যে সম্পর্ক টিকিয়ে রেখেছেন।

তবে একইসাথে আবার আমাদের দেশ সন্ত্রাসবাদ, জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না। যেমন পাকিস্তান, কিংবা তালেবান শাসনকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না। যেখানে সারাবিশ্বের অস্তিত্ব এবং নিরাপত্তা হুমকির সম্মুখীন, সেখানে বাংলাদেশ অপরাপর দেশগুলোর মত ফায়দা লোটার জন্য কোনো প্রশ্রয় দেয় না।

রোহিঙ্গা ইস্যুর কথাই ধরা যাক। মিয়ানমার তাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যেভাবে আক্রমণ করেছে, যেভাবে তাদের ওপর নৃশংসতা চালিয়েছে, তা গোটা বিশ্ব দেখেছে। উখিয়ার সীমান্ত ধরে প্রাণ বাঁচাতে এই মানুষগুলো আশ্রয় নিয়েছে আমাদের দেশে। অন্য কোনো দেশ হলে হয়ত সীমান্তের ভেতর তাদেরকে ঢুকতেই দিতো না। মেক্সিকো-যুক্তরাষ্ট্রের সীমান্তে যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেয়াল তুলে দিয়েছিলেন, এখন যেমন তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের আড্ডাখানা হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু এমন কিছুই করেননি। তিনি মানবতার মূর্ত প্রতীক হয়ে অসহায় এই মানুষগুলোর সহায় হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। নিজের দেশের মানুষের পাশে অসহায় এই মানুষগুলোকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অপরাপর ধনী দেশগুলো। তারা প্রধানমন্ত্রীর এই মহানুভবতার প্রশংসা করেছে অকুণ্ঠচিত্তে। প্রধানমন্ত্রী জানেন তার দেশের এই সক্ষমতা নেই যে এত লক্ষ লক্ষ মানুষকে খাওয়াবেন। তারপরও তিনি তাদের ব্যবস্থা করে গিয়েছেন, এখনও করছেন। বিশ্বের অপরাপর দেশের কাছে তিনি বারংবার বলেছেন রোহিঙ্গা ইস্যুটি নিয়ে একটি যৌক্তিক ও স্পষ্ট সুরাহা যেন হয়। অসহায় এই মানুষগুলোকে তিনি পরম মমতায় ধারণ করেছেন নিজের স্নেহতলে। একইসাথে চালাচ্ছেন কূটনৈতিক চেষ্টা, যাতে রোহিঙ্গাদের একটি স্থায়ী আবাস হয়।

একজন সফল রাষ্ট্রনায়ক হতে চাইলে এরচেয়ে বেশি আর কী গুণাবলি থাকা প্রয়োজন, তা আমাদের জানা নেই। শুধু এটুকু জানা আছে যে অনেক দক্ষ কূটনৈতিকদের চেয়েও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ কূটনীতিবিদ। একইসাথে তিনি জানেন কেমন করে সম্পর্ক বজায় রাখতে হয়, কেমন করে কোমলে কঠোরে মেশানো একজন সফল ও দক্ষ রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি