শনিবার,৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » ঢাবি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁস ও জালিয়াতির করার সুযোগ নেই: উপাচার্য


ঢাবি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁস ও জালিয়াতির করার সুযোগ নেই: উপাচার্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২১

ক্যাম্পাস ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরের ৮ টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১ অক্টোবর থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁস ও জালিয়াতির সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, অন্যান্যবারের মতো এবারের ভর্তি পরীক্ষাও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষা দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে আমাদের যেসব নিরাপত্তা নেওয়া দরকার সেগুলো এরইমধ্যে সম্পন্ন করেছি। কোথাও কোনো প্রশ্নফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, এর আগে জালিয়াতির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুইদিন আগেও দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না।

ঢাবির এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, আসনসংখ্যা ১৮১৫ টি, আসনপ্রতি লড়বেন ৬৫ জন, ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, আসনসংখ্যা ২৩৭৮ টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ জন, ‘গ’ ইউনিটে মোট আবেদনকারী ২৭ হাজার ৩৭৪ জন, আসনসংখ্যা ১২৫০ টি, প্রতি আসনে লড়বেন ২২ জন, ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন, আসনসংখ্যা ১৫৭০ টি, প্রতি আসনে লড়বেন ৭৪ জন, ‘চ’ ইউনিটে মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন, আসনসংখ্যা ১৩৫ টি, প্রতি আসনে লড়বে ১১৫ জন। সব ইউনিটে মোট আবেদনকারী ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন, আসনসংখ্যা ৭১৪৮ টি, প্রতি আসনে লড়বেন ৪৫ জন।

আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি