শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতে হামলাকারী পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২১

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় আসামি পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড ওজাবেদ ইকবালের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত।

আজ রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় ঘোষণা করেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইউনুস।

মো. ইউনুস বলেন, জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। আর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

রায় ঘোষণার সময় জাবেদকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। আর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেক পোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন। এ রায় ঘোষণা কেন্দ্র করে আজ সকাল থেকে আদালত চত্বরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি