শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জনেই মোটরসাইকেলের আরোহী।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর ব্র্যাক অফিসের সামনে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (২৩) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।

বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার জানান, ফায়ার স্টেশনের ৫০০ গজ দূরে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। তবে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি