ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ সুলতানপুর গ্রামের উত্তর পাড়া এলাকার শেখ হুমায়ূনের ছেলে। তিনি চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুুপুরে আকাশ একই এলাকার শেখ কামরুলের ছেলে রিফাতের বিরুদ্ধে স্থানীয় একটি প্রাইভেট স্কুলের সামনে বসে গাঁজা সেবনের অভিযোগ আনেন। এ নিয়ে আকাশ ও রিফাত ঝগড়ায় জড়ালে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করার কথা বলে তাদের বাড়ি যেতে বলে। পরে বিকেলে আকাশ তার বন্ধুদের নিয়ে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেখতে যায়। খেলা শেষ হওয়ার পর সন্ধ্যায় আকাশ ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায় রিফাত, মোজাম্মেলসহ তাদের সহযোগীরা। এ সময় আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত এবং অন্যদের মারধর করা হয়। পরে আকাশকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মারধরে আহত মাসুম জানায়, গাজা সেবনের অভিযোগ করার জের ধরেই রিফাত তার সহযোগীদের নিয়ে এই হামলা চালিয়ে আকাশকে ছুরিকাঘাতে হত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, আকাশের মাথায় ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















































