শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পঞ্চমবারের মতো নিলামে ১১২ বিলাসবহুল গাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চলাচলের অনুপযোগী, বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পারমিট (সিপি) নিয়ে অনিশ্চয়তাসহ নানা ধরনের জটিলতা রেখেই কার্নেট সুবিধায় আনা ১১২টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে চারবার নিলামে তোলা হলেও বিক্রি হয়নি। পঞ্চমবারের মতো ডাকা নিলামেও অধিকাংশ গাড়ি বিক্রি নিয়ে সন্দিহান বিডাররা। এবারের নিলামকে তারা প্রহসন হিসেবে আখ্যায়িত করে বলেছেন, পুরনো বিডাররা কেউ এতে অংশ নিচ্ছেন না।

তবে এবারের নিলামে অংশগ্রহণকারী বাড়বে দাবি করে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট মোংলাসহ পাঁচ স্থানে আগামী ৩ ও ৪ নভেম্বর দরপত্র দাখিল করা যাবে। পাশাপাশি ই-অকশানের ব্যবস্থা রাখা হয়েছে। এতে কাস্টমস কাক্সিক্ষত দর পাবে; আবার গাড়ি বিক্রির মাধ্যমে বন্দরের জায়গা খালি হবে এবং সরকারি কোষাগারে জমা হবে বিপুল রাজস্ব।

জানা গেছে, ২০১৬ সালের আগস্টে ৮৫টি, ২০১৭ সালের মে মাসে ১১৩টি, ২০১৮ সালের ৩০ মে ১১১টি এবং ২০১৯ সালের ১৬ এপ্রিল ২২টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়। তখন কাঙ্খিত দর না পাওয়ায় গাড়িগুলো বিক্রি করা সম্ভব হয়নি। জার্মান, জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি উচ্চমূল্যের বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস, মিৎসুবিসির মতো দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে। কার্নেট সুবিধায় আনা এসব গাড়ি ২০১১ সাল থেকে গাড়িগুলো চট্টগ্রাম বন্দরে পড়ে আছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নীতি আদেশের শর্ত অনুযায়ী গাড়ি তৈরির সন থেকে পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি আমদানি করা যাবে না। এখানে অধিকাংশ গাড়ি ১০ থেকে ১২ বছরের পুরনো। নিলামে গাড়ি পেলেও বন্দর থেকে খালাস নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পারমিট নিতে হবে। ব্যক্তিগতভাবে এটি সংগ্রহ করতে হবে; যা প্রায় অসম্ভব। এছাড়া অতীতে এ ধরনের গাড়ির ক্ষেত্রে সিপি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। আগের নিলামগুলোতে গাড়ি বিক্রি না হওয়ার এটিই প্রধান কারণ। এছাড়া অধিকাংশ গাড়ির যন্ত্রাংশ নেই। এমনকি বেশকিছু গাড়ির চাবি নেই।

নানা জটিলতাযুক্ত এবারের নিলামকে প্রহসনের নিলাম বলে আখ্যায়িত করেছেন নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। আর রেজা প্রতিষ্ঠানের এই কর্ণধার জানালেন নিয়মিত তিনি নিলামে নেন; কিন্তু এবার নিবেন না। তিনি আমাদের সময়কে বলেন, নিলামের ক্যাটালগে দেওয়া অধিকাংশ গাড়ি চলাচলের অনুপযোগী। বিভিন্ন যন্ত্রাংশ নেই। এসব দামি গাড়ির যন্ত্রাংশ পাওয়া কঠিন। নিলামে গাড়ি পেলেও সিপি নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। আমদানি নীতি আদেশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় সিপি দেবে না। আর সিপি না পেলে গাড়ি খালাস নিতে পারবে না ক্রেতারা। ফলে অভিজ্ঞ বিডাররা নিলামে অংশ নিচ্ছেন না।

ক্যাটালগ পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৭ সালে জার্মানের তৈরি একটি বিএমডব্লিউ গাড়ির সংরক্ষিত মূল্য দেওয়া হয়েছে ২ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা। ২ হাজার ৯৯৩ সিসির গাড়িটির চাবি নেই। রাবার চ্যানেল, হুইল ও ব্যাটারি ব্যবহারের অনুপযোগী বলে উল্লেখ করা হয়েছে। ২০০৫ সালে যুক্তরাজ্যের তৈরি ল্যান্ড রোভার গাড়ির দাম দেওয়া হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। গাড়িটির চাবি ও ড্যাশবোর্ড নেই।

জানা গেছে, সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের কম দাম পেলে দ্বিতীয় বার নিলামে তুলতে হবে। তখন প্রথমবারের চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে। তবে তৃতীয়বার যে কোনো মূল্যে বিক্রির এখতিয়ার রয়েছে কর্তৃপক্ষের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি