শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যদি আমরা জনসেবা করতে চাই তাইলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশকে মিশতে হবে


যদি আমরা জনসেবা করতে চাই তাইলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশকে মিশতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ড. জাফর ইকবাল বলেছেন, আমি যদি ভালো মানুষ না হই, যত কথাই বলি না কেন কেউ আমার কথা শুনবে না। যদি আমরা জনসেবা করতে চাই আমাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে। এরই মধ্যে পুলিশের অনেকে এই কাজ করে যাচ্ছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

এ বছর ‘কমিউনিটি পুলিশিং ডে’র স্লোগান ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।

জাফর ইকবাল বলেন, যখন আমি রাজারবাগ পুলিশ লাইনে ঢুকি, তখন মনে হয় আমি একটা তীর্থস্থানে এসেছি। এই জায়গা সেই জায়গা যেখানে পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রথম বুলেটটি নিক্ষিপ্ত হয়েছিল। সেই পুলিশ বাহিনীর পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা ছিল না। কিন্তু তারা প্রথম প্রতিরোধ করেছিল।

একাত্তরের ২৫ মার্চের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আমাদের সবার ঘুম ভেঙে গেল মাইকের একটা শব্দ শুনে যে, বাংলাদেশে পাকিস্তান আর্মিরা গণহত্যা শুরু করেছে। আমার বাবাকে পাকিস্তানি বাহিনীরা গুলি করে একটা নদীতে ফেলে গিয়েছিল।

তিনি বলেন, বাবার মরদেহ পানিতে ভেসেছে তিনদিন ধরে। মরদেহ তিনদিন পড়ে থাকলে সাধারণত স্বাভাবিক থাকে না। মানুষ সেটা ধরতে চায় না। কিন্তু আমার বাবা পুলিশের পোশাক পরে ছিলেন, মানুষ আবার বাবাকে ভালোবাসতেন। কারণ তিনি একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। তাই মানুষজন ধরে তাকে নদীর তীরে এনেছিলেন।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কিছু হলেই আমরা বিদেশের সঙ্গে তুলনা করি। বিদেশে অমুক আছে তমুক আছে। আমি কিন্তু বিদেশের সঙ্গে তুলনা করতে রাজি না। পৃথিবীর অনেক আধুনিক দেশ আছে যে দেশের অবস্থা ভালো না। যুক্তরাষ্ট্রের জেলখানায় যত মানুষ আছে আমার মনে হয় না পৃথিবীর অন্যকোনো দেশের জেলখানায় এত মানুষ আছে। নেদারল্যান্ডস, ডেনমার্কের মতো দেশে যথেষ্ট অপরাধী না থাকায় জেলখানা বন্ধ করে দেওয়ার চিন্তা করছে। আমরাও এমন একটা দেশ চাই যেখানে মানুষ অপরাধ করবে না।

পুলিশের জনসেবার কথা উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, এক পুলিশ অফিসার দেখেন তার এলাকায় যারা মোটরসাইকেল চালান বেশিরভাগ মানুষের ড্রাইভিং লাইসেন্স নেই। কারণ কীভাবে লাইসেন্স করতে হয় তারা জানেন না। তখন তিনি সবাইকে ডেকে নিজে ফরম পূরণ করে সবাইকে লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করে দেন। এই কাজ পুলিশের কোথাও লেখা নাই কিন্তু তিনি করেছেন।

আমি অনেক জায়গায় দেখেছি পুলিশ সদস্যরা এসে স্কুলের বাচ্চাদের সঙ্গে কথা বলেন। গরিব বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বাচ্চারা পুলিশের পোশাক দেখে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর পোশাক। এটা আমার খুব ভালো লেগেছে। কাজেই বাচ্চাদের উদ্বুদ্ধ করার জন্য পুলিশের অনেক ভূমিকা রয়েছে। প্রতিটা প্রাইমারি স্কুলে পুলিশ অফিসারদের যাওয়া উচিৎ। গিয়ে তাদের সঙ্গে কথা বলা উচিৎ। সেখানে নারী পুলিশ গেলে মেয়ারা উদ্ভুদ্ধ হবে। তারা ভাববে কে বলেছে মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে, তারা পুলিশ অফিসার হতে পারবে।

তিনি আরও বলেন, যদি অনেক ভালো, অনেক বড় কিছু করতে চান তবে সেটা স্বেচ্ছাসেবকদের দিয়ে করতে হবে। টাকা দিয়ে সব কাজ হয় না। স্বেচ্ছাসেবক যে কাজ করে সেটা মন থেকে করে। কাজেই এই কমিউনিটি পুলিশিং করার জন্য নিশ্চয়ই অনেক স্বেচ্ছাসেবক দরকার। সারাদেশে স্বেচ্ছাসেবকরা পুলিশের পাশাপাশি বসে সেই কাজ করবে।

বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের খুবই দুর্ভাগ্য বঙ্গবন্ধু মতো মানুষ সময় পেলেন না। দেশের মাত্র সাড়ে তিন বছর বয়সে তার চলে যেতে হলো। সব কিছুতেই তার পরিস্কার জ্ঞান ছিল। আপনি পাকিস্তান কারাগার থেকে ফিরে এসে প্রথম শিক্ষানীতি তৈরি করলেন। দায়িত্ব দিলেন বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে। তিনি বুঝেছিলেন বিজ্ঞানটা কত প্রয়োজন। কুদরত-এ-খুদা একটি সুন্দর শিক্ষানীতি তৈরি করে দিয়েছিলেন। কিন্তু আনফরচুনেটলি সেটা কার্যকর হয়নি। যদি তার শিক্ষানীতি কার্যকর হতো তাহলে এতদিন পরে এসে আমাদের জঙ্গি নিয়ে দুর্ভাবনা করতে হত না।

তিনি বলেন, দেশে যে পরিমাণ পুলিশ সদস্য থাকার কথা আমাদের দেশে তার ১০ ভাগের এক ভাগ আছে। বিট পুলিশিং এর মাধ্যমে ইভটিজিং বন্ধ করে দিতে পারবেন। কারণ ওই এলাকার লোকজন জানায় ফিটিং করে। এলাকায় বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে, কারণ ওই এলাকার মানুষ জানবে কে বাল্যবিবাহ দিচ্ছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি