শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটের ব্যবসায়িকে কুমিল্লায় অপহরণ, আটক ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা । এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গত ০৭ নভেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের ডাঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইসমাইল আলী (৩৫) ব্যবসার উদ্দেশ্যে কুমিল্লায় আসে। পরবর্তীতে সে কুমিল্লার বুড়িচং থানার কংশনগর বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে যাত্রী ছাউনিতে অবস্থান করার সময় অপহরণকারী চক্রের একটি গ্রুপ তাকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী চক্রটি ভিকটিমের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের ভাইকে কল করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে তাকে মারধর করে এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে ভিকটিমের পরিবার অপহরণকারীদের চাহিদা মতো ৭ ও ৮ নভেম্বর বিভিন্ন সময়ে তাদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে মোট ২৫ হাজার টাকা প্রদান করে। ভিকটিমের পরিবার বিষয়টি ৮ নভেম্বর সকালে র‌্যাব-১১, সিপিসি-২ কে অবহিত করলে র‌্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ নভেম্বর বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন বটতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে মুক্তিপণের ৯ হাজার ৮ শত টাকাসহ গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিনাহটি গ্রামের রেনু মিয়ার ছেলে হৃদয় (২৬), কুমিল্লার চান্দিনা থানার শ্রীরল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ সুজন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার টাকই রহমতপুর গ্রামের শামসুল হকের ছেলে নূর মোহাম্মদ শরিফ (২৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অপহরণকারীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাগুরুত্বপূর্ন তথ্য প্রদান করে ,অপহরণকারীরা স্বীকার করে যে তারাঅপহরণ চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বাইরে থেকে বেড়াতে আসা ব্যবসায়ীদের টার্গেট করে তাদেরকে অপহরণ করে অপহৃতের পরিবারের নিকট থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি