ডেস্ক রিপোর্ট:
দুই মন দুধ ঢেলে ধুয়ে-মুছে গুনাইগাছা ইউনিয়ন পরিষদ ‘পবিত্র’ করার দৃশ্য, মঙ্গলবারের ছবি।
প্রায় দুই মন দুধ ঢেলে ধুয়ে-মুছে ইউনিয়ন পরিষদ ‘পবিত্র’ করার পর দায়িত্ব নিলেন চাটমোহর উপজেলার গুনাইগাছার নবনির্বাচিত চেয়ারম্যানের রজব আলী বাবুল। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ৭০ লিটার গরুর দুধ ঢেলে পুরো ইউনিয়ন পরিষদ ‘পবিত্র’ করেন চেয়ারম্যানের সমর্থকরা।
এরপর বুধবার সকালে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব নেন। এদিকে দুধ ঢালার বেশকিছু ছবি ও ভিডিও চেয়ারম্যানের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে।
স্থানীয়রা জানান, সদ্য শেষ হওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রজব আলী বাবুল আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে সদ্য সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়। নুরুল ইসলাম ও রজব আলী বাবলু সম্পর্কে আপন ভায়রা ভাই। আত্মীয়তার বন্ধনের বাইরে এসে রজব আলী বাবলু বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের পর শেষ হাসি হাসেন রজব আলী বাবলু। নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, পরিষদ ‘পবিত্র’ করার জন্য আমার বেশকিছু সমর্থক দুই ক্যান (৭০ লিটার) দুধ ঢেলেছে বলে অন্যের মুখে শুনেছি। পরে দেখি সেসব ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, এর আগে এই পরিষদে অনেক বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে। যেসব নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ ছিল। হয়তো তারই বহিঃপ্রকাশ এই দুধ ঢালা-এমনটাই জানান তিনি।























































