সোমবার,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জমি দখলকে কেন্দ্র করে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

পীরগাছায় জমি দখলকে কেন্দ্র করে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার দুপুরে মা-মেয়েকে নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুক্রবার রাতে ঘটনার মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুধবার উপজেলার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অনন্দি ধনিরাম গ্রামের সুজা মিয়ার ছেলে শাজাহান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী গফ্ফার মিয়ার ছেলে জিয়ারুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার সকালে আবারও জিয়ারুল ও তার লোকজন শাজাহানের জমি দখল করে গাছ ও রাস্তা কাটতে থাকেন। এ সময় শাজাহান ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে জিয়ারুল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে শাজাহানের স্ত্রী গোলাপী বেগম ও মেয়ে রাবেয়া বেগমকে গাছে বেঁধে নির্যাতন চালায়। পরে স্থানীয়রা ৯৯৯ লাইনে ফোন দিলে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তারা চিকিৎসাধীন। এ ঘটনায় বৃহস্পতিবার শাজাহান বাদী হয়ে পীরগাছা থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন।

শাজাহান মিয়া জানান, জমি দখলে ব্যর্থ হয়ে জিয়ারুল ও তার লোকজন আমার স্ত্রী এবং মেয়েকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পারুল ইউনিয়নের সদস্য আব্দুল খালেক বলেন, নির্যাতনের বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গতকাল শনিবার বিকালে পীরগাছা থানার ওসি (তদন্ত) শুকুর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার প্রধান আসামি জিয়ারুলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি