মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লার দেবিদ্বারে উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকার ও আনারস প্রার্থী মো. জাহাঙ্গীর আলম সরকারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় রাজামেহার কলেজ মাঠ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, রাজামেহার ইউপি নির্বাচনে রাজামেহার গ্রামের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মো. জাহাঙ্গীর আলম সরকার চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে সভা ডাকেন। ওই সভায় প্রায় দুই হাজার কর্মী-সমর্থক জড়ো হয়। খবর পেয়ে চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম উপস্থিত হয়ে এ জরিমানা করেন।
চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম গণমাধ্যম’কে বলেন, রাজামেহার এলাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙের দায়ে ইউনিয়ন পরিশোধ নির্বাচনী আচরণ বিধি মালা ২০১৬ ও সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারে ৩০ হাজার ও জাহাঙ্গীর আলম সরকারকে ১০ হাজার টাকাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে গুনাইঘর উত্তর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


















































