শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধর, মারা গেল শিশু আফসানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

আশুলিয়ায় ক্যান্সার আক্রান্ত শিশু আফসানা আক্তারকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধর করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই আফসানার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে নিহতের বাবা আলম মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের ভূয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে প্রাইভেটকার চালান। অপরজন একই জেলা উপজেলার খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মণ্ডলের ছেলে মো. ইমরান (২৫)। মামলার প্রধান আসামি মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম এবং মামলার স্বার্থে বাকি আসামিদের পরিচয় জানায়নি পুলিশ।

আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম বলেন, নিহতের বাবার দায়ের করা মামলায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত সবার পরিচয় শনাক্ত হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাইড দেয়াকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস চালকের মধ্যে কথা কাটাকাটি হলে বাইপাইল এলাকায় রোগীর অ্যাম্বুলেন্স আটকিয়ে চালককে মারধর করে। পরে বাইপাইল স্ট্যান্ডের ৭-৮ জন গাড়িচালক অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারকে মারধর করে। এ সময় অ্যাম্বুলেন্স থাকা রোগী আফসানা গাড়ি ভেতরেই মারা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি