শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টয়লেটে মিললো নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

নিখোঁজের একদিন পর মো. ইয়াসিন (৯) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল বেতার কেন্দ্রের পেছনে পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুজনকে আটক করা হয়েছে। ইয়াসিন বরগুনার ছগির হোসেনের ছেলে। তার বাবা-মা ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ জন্য ইয়াসিন তার বাবার খালু কাজী সিরাজুল ইসলামের সঙ্গে বরিশালের রূপাতলী এলাকার বাসায় থাকতো।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বেতার কেন্দ্রের সীমানা দেয়ালের পাশে পরিত্যক্ত একটি টয়লেটে একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদে জানতে পারি শিশুটির নাম ইয়াসিন। তার বাবা-মা ঢাকায় থাকেন। ইয়াসিন রূপাতলীতে তার বাবার খালু কাজী সিরাজুল ইসলামের বাড়িতে থাকতো। শুক্রবার বেলা ১১টা থেকে সে নিখোঁজ ছিল।

পরিদর্শক লোকমান হোসেন আরও বলেন, কেউ শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা বা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াসিন যার বাড়িতে থাকতো কাজী সিরাজুল ইসলাম ও তার ছেলে আলআমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি