বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২২


ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরামর্শ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে।আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি।২১ তারিখের পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রী বলেছেন। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। আর স্কুল-কলেজের যে সমস্ত ছেলে-মেয়েরা এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।

জাহিদ মালেক আরও বলেন, আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কাজেই সংক্রামণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। এরপরও আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাইরে গেলেই মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা মেনে চলতে হবে।

এ সময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমানসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি