শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরে আগুন লেগে শিশুসহ ৫টি বসতঘর পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আগুনে ঘুমন্ত শিশুসহ ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর ঘরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পরায় পাশের আরো ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ড থেকে বাঁচানো যায়নি জয়নাল গাজীর ৩ বছরের ঘুমন্ত শিশুকে। আগুনের শিখায় শিশুটি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর শুনে তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশন ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, আগুনের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের উদ্দেশ্যে আমাদের দু’টি ইউনিট রওনা হই। দুপুর ১২টা থেকে শুরু করে ঘণ্টাখানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। একজন শিশুর মৃত্যু হলেও কেউ আহত হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতিসহ আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি