শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ-ভারত সীমান্তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে বিএসএফ


বাংলাদেশ-ভারত সীমান্তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে বিএসএফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সীমান্তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অবকাঠামোকে শক্তিশালী করার জন্য বিএসএফ বেশ কিছু পদক্ষেপ ও প্রযুক্তিগত হস্তক্ষেপের উদ্যোগ গ্রহণ করেছে। কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন হিন্দুস্তান টাইমস। তাদের এসব উদ্যোগের অংশ হিসেবে এক সারির বেড়ায় আটটি গ্যাপ গত বছর পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। এসব গ্যাপ দীর্ঘদিন ধরে মুলতবি অবস্থায় ছিল। এ ছাড়া লোহার গেট বসিয়ে তারা বন্ধ করে দিয়েছে মোট ৪৪টি ড্রেন ও কালভার্ট।

ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ বলেছেন, সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। ২৪টি স্থানে স্মার্ট সার্ভিলেন্স সিস্টেম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এসব স্থান দিয়ে মূলত পাচার হয় এবং অনুপ্রবেশ ঘটে থাকে।

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আছে মোট ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে এখনও কিছু অংশে বেড়া নির্মাণ বাকি আছে। অনেক স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে মানুষ বসবাস করছে। এ জন্য যেসব সীমান্তে বেড়া নির্মাণ করা হয়নি, সেখানে এক সারির বেড়া নির্মাণ করা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত বছর বিএসএফ ২২১ জনকে আটক করেছে। এর মধ্যে ৯৭ জন বাংলাদেশি। ১১৮ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি নাগরিক। তারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন।

আগের রিপোর্ট অনুয়ায়ী, ২০২০ সালে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মোট ১৩১ জনকে আটক করা হয়েছিল। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৩৬।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি