শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দুলো মিয়া ভূঁইয়া (৬০)। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- হানিফ ভূঁইয়া (৩৫), দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)।

এর মধ্যে দীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হতাহত ব্যক্তিরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা সবাই সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ফেরি করে কসমেটিকসের বিনিময়ে মাথার চুল সংগ্রহ করতেন।

নিহতের ভাতিজা আকবর ভূঁইয়া জানান, শুক্রবার ভোরে মৌলভীবাজার শহর থেকে প্রাইভেটকারে দুলো মিয়াসহ পাঁচজন গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বারিউড়া এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলো মিয়া। আহত হন অন্য চারজন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি