মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে কণ্যা সন্তানকে হত্যা করলো পাষন্ড মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০২২

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে ৩ মাস ১০দিন বয়সের এক কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করে পাষন্ড মা।

সোমবার সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে ওই অমানবিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম উম্মে সাইফা।

ওই ঘটনায় সোমবার দুপুরে ঘাতক মা ছামিয়া আক্তার বকুল (২০) কে আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ ব্যাপারে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফ এর মেয়ে ছামিয়া আক্তার বকুল (২০) এর সাথে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মো. ওমর ফারুক এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যা সন্তানের মা হয়। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই সে সন্তান সহ বাবার বাড়িতে অবস্থান করছিল।

গত রোববার স্থানীয়ভাবে শালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বকুল তার কন্যা সন্তান উম্মে সাইফা শালচর এলাকায় একটি ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। নিহত উম্মে ছাইফার মা ছামিয়া আক্তার বকুল (২০) কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এবিষয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি