ডেস্ক রিপোর্ট:
বগুড়ার ধুনটে পুকুরে ডুবে নূর আলম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোসাইবাড়ি ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূর আলম উপজেলার জোড়খালী গ্রামের মোয়াজ্জেম হোসেন ছেলে।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, মোয়াজ্জেম হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। জীবিকার তাগিদে তিনি উপজেলার গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু নূর আলম বাড়ির পাশে খেলতে বের হয়।
দুপুর পেরিয়ে গেলেও নূর আলম বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন খুঁজতে বের হন। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে গোসাইবাড়ি ডিগ্রী কলেজের উত্তর পাশের পুকুরে নূর আলমের মরদেহ ভাসতে দেখা যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


















































