শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গুগলে খুঁজে দেখুন আমরা ভারত থেকে এগিয়ে : মুক্তিযুদ্ধমন্ত্রী


গুগলে খুঁজে দেখুন আমরা ভারত থেকে এগিয়ে : মুক্তিযুদ্ধমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভারত থেকে এগিয়ে বাংলাদেশ জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘অনেকে বলে আওয়ামী লীগ মানে ভারত। আরে আমরা ভারত হব কি, ভারতই বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে। আমরা তো তাদের থেকে এগিয়ে। আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে খুঁজে দেখুন।’

মন্ত্রী বলেন, ‘গড় আয়ুতে আমরা ভারতের থেকে এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর সেখানে ভারতের ৬৫। ভারতের মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যুহার, সেনিটেশন, পানির ব্যবস্থাপনা সবকিছুতে বাংলাদেশ এগিয়ে। পাকিস্তান তো আরো অনেক পেছনে। ভারত আমাদের সাহায্য করেছে আমরা তাদের সেজন্য সম্মান জানাই। কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে। বিশ্বাস না হলে গুগলে দেখুন।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘প্রজন্ম ৭০ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা এবং সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এক অসম যুদ্ধের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে। ভারত আমাদের ১০০ বছরের পুরোনো অস্ত্র থ্রি নট রাইফেল দিয়েছিল। আর পাকিস্তানিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র। তাদের সামনে সম্মুখযুদ্ধে আমরা তিন মিনিটও টিকতে পারতাম না। আমাদের বড় অস্ত্র ছিল দেশপ্রেম।’

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, ‘সে সময় যুবক থাকায় আমরা যুদ্ধে অংশ নিতে পেরেছি। এখন এ বয়সে হয়তো যুদ্ধ করার সম্ভাবনা ছিল না। মুক্তিযোদ্ধারা আমাদের মুক্ত করে দিয়ে গেছেন। এখন তরুণ প্রজন্মের এই মুক্তি আমাদের ধরে রাখতে হবে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মো. আলী নেওয়াজ, এটিএন বাংলার উপদেষ্টা মো. তাশিক আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি