শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসিডোনিয়ার স্বপ্ন ভেঙে কাতার বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল


মেসিডোনিয়ার স্বপ্ন ভেঙে কাতার বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২২

স্পোর্টস ডেস্ক:

এবার আর কোনো অঘটন নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারাতে পারেনি উত্তর মেসিডোনিয়া। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ২-০তে প্লে-অফ জিতে কাতারের টিকিট কেটেছে পর্তুগাল। অন্য ম্যাচে সুইডেনকে একই ব্যবধানে হারিয়ে ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রবার্ট লেভানদভস্কির পোল্যান্ডও।

উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। পর্তুগালের বিপক্ষে আরেকটি চমক দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই জিতলো ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচের ৩২তম মিনিটে রোনালদোর অ্যাসিস্টে পর্তুগালকে এগিয়ে নেন আরেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজ। ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো। তার এ গোলে সহায়তা করেন লিভারপুল ফরোয়ার্ড ডিয়োগো জোটা।

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা রবার্ট লেভানদভস্কির দিকে তাকিয়ে ছিল পোল্যান্ড।
তার পা থেকেই আসে প্রথম গোলটি। ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন বায়ার্ন তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে লেভানদভস্কির গোল দাঁড়ালো ৫১টি। ৭২তম মিনিটে পোল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার পিতর জিলিনস্কি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি