স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনা সমর্থকরা নিঃসন্দেহে ভুলে যেতে চাইবে রোনাল্ড কোম্যান অধ্যায়। ডাচম্যানের সান্নিধ্যে ব্লাউগ্রানারা পেয়েছে ব্যর্থতার সর্বোচ্চ স্বাদ। এরপর জাভি হার্নান্দেজের কোচিংয়ে স্বরূপে ফিরেছে কাতালানরা। তবে রাতারাতি বদলে যায়নি দুর্দশা। জাভি দায়িত্ব নেয়ার পরই ইউরোপা লীগে অবনমন হয় পিকে-বুসকেটসদের। ১৭ বছর পর চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ায় হতাশ হলেও হাল ছাড়েননি জাভি। তোরেস-ত্রায়োরদের ভিড়িয়ে করেছেন দল ভারি। স্প্যানিশ কিংবদন্তির প্রচেষ্টা যে ফল দিয়েছে তা বলা বাহুল্য।
লা লিগার টেবিলে দুইয়ে থাকা বার্সা ইউরোপা লীগেও রয়েছে দারুণ ছন্দে। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্র্যাঙ্কফুর্টের কাছে হারতে বসেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত ব্লাউগ্রানারা ফেরান তোরেসের গোলে হার এড়ায়। বৃহস্পতিবার রাতে শেষ আটের ম্যাচটিতে ফ্র্যাঙ্কফুর্টের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচ পর জয় বঞ্চিত হলো লা লিগার ক্লাবটি।
ম্যাচে বল দখলে বার্সেলোনার আধিপত্য থাকলেও আক্রমণে ধার দেখায় ফ্র্যাঙ্কফুর্ট। ৩৩ শতাংশ বল দখলে রেখে ১৬টি শটের ৫টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অপরদিকে ৬৭ শতাংশ বল দখলে রাখা বার্সা ৭টি শটের ৩টি রাখে লক্ষ্যে।
ম্যাচের ৩য় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা। প্রায় ৩০ গজ দূর থেকে তোরেসের শট ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ।
ষষ্ঠ মিনিটে সুবর্ণ সুযোগ পায় ফ্র্যাঙ্কফুর্ট। ডান দিক থেকে ইয়াসপের লিন্ডস্ট্রোম পাস দেন ডি-বক্সে। ফাঁকায় বল পেয়ে বাইরে মারেন সুইস মিডফিল্ডার জিবরিল সো।
২৩তম মিনিটে একটি ধাক্কা খায় বার্সেলোনা। চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। তার বদলি নামেন আরেক ডিফেন্ডার ক্লেমোঁ লংলে।
৩৭তম মিনিটে বার্সেলোনার ডি-বক্সে সার্জিও বুসকেটসের চ্যালেঞ্জে স্বাগতিক ফরোয়ার্ড রাফায়েল বোরে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।
বিরতির থেকে ফিরে এগিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্ট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। ডি-বক্সের সামনে থেকে জোরাল হাফ ভলিতে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জার্মান উইঙ্গার আন্সগার।
৬৬তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। বদলি নামা উসমান দেম্বেলে পাস দেন ফেরানকে। ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে বল দেয়া-নেয়া করে জালে পাঠান ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্র্যাঙ্কফুর্টের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা। তবে দশ জনের দলকে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।
আগামী বৃহস্পতিবার ন্যু-ক্যাম্পে দ্বিতীয় লেগে ফ্র্যাঙ্কফুর্টকে আতিথ্য দেবে বার্সেলোনা।

























































