স্পোর্টস ডেস্ক:
তিনদিন হাসপাতালের বিছানায় শুয়ে অবশেষে হেরেই গেলেন কলম্বিয়ার সাবেক অধিনায়ক ফ্রেডি রিংকন।
কলম্বিয়ার কালি শহরের ইমবানাকো ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৫৫ বছর বয়সি এ তারকা।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে রিংকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত সোমবার কালি শহরে গাড়ি চালিয়ে অন্যত্র যাচ্ছিলেন রিংকন। এ সময় তার গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন রিংকন।
তাকে উদ্ধার করে কালির ইমবানাকো ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার।
কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার নামের পাশে গোল সংখ্যা ১৭টি।
কলম্বিয়ান ফুটবলের আরেক গ্রেট কার্লোস ভালদেরামার সঙ্গে যৌথভাবে দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড তার। ১০টি করে বিশ্বকাপ ম্যাচ খেলেছেন দুজন।
ক্লাব ক্যারিয়ারে রিয়াল ছাড়াও নাপোলি, পালমেইরাস, সান্তোসে খেলেছেন ৫৫ বছরের এ তারকা। ২০০০ সালে প্রথম ফিফা ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (বর্তমানে ক্লাব বিশ্বকাপ) জয়ী করিন্থিয়ান্স দলেরও অংশ ছিলেন তিনি।
























































