কুমিল্লায় অপহরণের দুইদিন পর মো: বাপ্পি নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার একটি জমি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু মো. বাপ্পি ওই উপজেলার জোড়কানন ইউনিয়ের তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দক্ষিণ দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, রাতে ওই শিশুর মা রুমা আক্তারের ২য় স্বামী রুবেল হোসেন ওরফে সেলিম শিশু বাপ্পির মরদেহ ফসলি জমিতে তার শ্বশুর জালাল মিয়াকে দেখিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাপ্পির মরদেহ দেখে জালাল মিয়া (নিহতের নানা) পুলিশে খবর দেন। ওই শিশুর প্রতিবেশী আনিছুল হক জানান, গত শুক্রবার বাপ্পি বাসা থেকে হারিয়ে যায়। তারপর স্বজনরা এলাকায় খোজাখুজি করেন। না পেয়ে শনিবার কুমিল্লা সদর দক্ষিণ থানা একটি সাধারণ করা হয়।
ওসি আরও বলেন, এ হত্যাকাণ্ডে শিশু বাপ্পির সৎ বাবা রুবেল হোসেন জড়িত রয়েছে বলে তার পরিবারের অভিযোগ। সে মরদেহ দেখিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তাকে আটক করতে পুলিশের দুই টিম মাঠে অভিযান চালাচ্ছে।


















































