ডেস্ক রিপোর্টঃ
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রায়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মহাসড়কের একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন তথ্য দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল। কারণ মরদেহটির পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।


















































