শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে মো. হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে নাহার মহানগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের অ্যাগ্রো ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন বায়েজিদ বোস্তামি থানাধীন জঙ্গল ছলিমপুর ১ নং মাস্টার কলোনির মৃত জাবেদ আলীর ছেলে। তিনি ওই এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হোসেনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করেন। সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মো. হোসেন নামের ওই পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এসময় খুঁটিসহ বাসটি পাশের খাদে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আমরা বাসটি উদ্ধার করেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি