রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাক চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০২২


ডেস্ক রিপোর্ট:

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় বাপ্পীর দুই বন্ধু আহত হয়েছেন, তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাপ্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি ঢাকা আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার আহত দুই বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ফুলদীঘি এলাকার আল মামুন সরকারের ছেলে এসএম সাকিব (২৩) ও কৈগাড়ি এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৪)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বাপ্পী শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধুকে তার মোটরসাইকেলে নিয়ে বনানী পর্যটন মোটেল মোড় থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন।

তারা ফুলদীঘির মিঞাপাড়া কবরস্থানের সামনে মহাসড়কে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। তখন ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মহাসড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে বাপ্পী ঘটনাস্থলেই মারা যান। আহত তার বন্ধু সাকিব ও পিয়ালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা
হয়।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর খালা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছেন। জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি