মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চ্যাম্পিয়নস লীগের টিকিট পেলো বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২২

স্পোর্টস ডেস্ক:

শিরোপাহীন মৌসুম কেটেছে বার্সেলোনার। ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ব্লাউগ্রানাদের লক্ষ্য ছিল লা লিগায় সেরা চারে থেকে মৌসুম শেষ করা। শনিবার রাতে রিয়াল বেতিসকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করল কাতালানরা। স্বাগতিকদের ১-২ গোলে হারিয়ে আগামী চ্যাম্পিয়নস লীগের টিকিট পেয়েছে জাভি হার্নান্দেজের দল।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ১৪ মিনিট বাকি থাকতে আনসু ফাতির গোলে লিড নেয় বার্সেলোনা। সমতায় ফিরতে সময় নেয়নি বেতিসও। এরপর ইনজুরি টাইমে জর্ডি আলবার গোলে জয় নিশ্চিত হয় বার্সার।

৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুইয়ে রয়েছে বার্সেলোনা। রার্নার্সআপ হয়ে মৌসুম শেষ করতে পারলে স্প্যানিশ সুপার কাপেও জায়গা করে নেবে জাভির দল।

ম্যাচশেষে বার্সা কোচ বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লীগ খেলব। প্রতিযোগিতাটি আমাদের প্রাপ্য। এখন আমরা রানার্সআপ হতে চাই।’
রোনাল্ড কোম্যান যখন র্বার্সার দায়িত্ব ছাড়েন পয়েন্ট টেবিলে তখন নবম স্থানে কাতালানরা। এরপর জাভির অধীনে রাতারাতি বদলে যায়নি দল
ইউরোপা লীগে অবনমন এবং শিরোপা হাতছাড়া হয়েছে বার্সার। কোপা দেল রেতেও সঙ্গী হয়েছে ব্যর্থতা। তবুও ব্লাউগ্রানাদের পারফরম্যান্সে যে রঙ ফিরেছে তা বলা বাহুল্য।

জাভি বলেন, ‘আমি শিরোপার জন্য খেলতে চাই। এটি (চ্যাম্পিয়নস লীগ) খেলতে একটা বছর মিস করতে চাই না আমরা। আমরা কাঁধ থেকে বোঝা সরিয়েছি। এটি আরো জটিল এবং কঠিন মৌসুম হতে পারতো।’

ম্যাচ হারলেও বার্সার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে রিয়াল বেতিস। ৪২ শতাংশ বল দখলে রেখে ১৪টি শটের ৫টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ৫৮ শতাংশ বল দখলে রাখা বার্সা ১১টি শটের ৫টি রাখে লক্ষ্যে।

৭৬ মিনিটে দলকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা আনসু ফাতি। প্রায় পুরো মৌসুমই চোটের কারণে খেলতে পারেননি তিনি। চোট থেকে ফিরেই জালের দেখা পেলেন স্প্যানিশ তারকা। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি জাভির শিষ্যরা। তিন মিনিট পরই বেতিসকে সমতায় ফেরান মার্ক বাত্রা।

ম্যাচের ফল যখন প্রায় নিশ্চিত তখনই মোড় পাল্টে দেন জর্ডি আলবা। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে দানি আলভেসের ক্রসে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন আলবা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি