ইসতিয়াক আহমেদ/সালাহ উদ্দিন সোহেল:
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় কুমিল্লাবাসীকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নিবার্চন উপহার দেয়ার চেষ্টা করবো ।
রবিবার (৮ মে) বেলা ১১ টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা চলাকালে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ কথা বলেছেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান, সহকারি রিটার্নিং কর্মকর্তা কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ, আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার ও সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফিন প্রমুখ।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা কিছু প্রার্থীকে শোকজ করেছি। প্রায় ৪ লক্ষাধিক টাকার মত জরিমানা করেছি । প্রতিক বরাদ্দের পর প্রার্খীরা প্রচারণা শুরু করতে পারবে । এর পূর্বে মিছিল, শোডাউন ও যে কোন প্রকার সাংঘর্ষিক কাজ থেকে প্রার্থীদের বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ।
তিনি আরো জানান, ইভিএম ভোট প্রয়োগে যাতে ভোটারদের অসুবিধে না হয় সেজন্য আমরা খুব সম্ভবত ১৩ জুন একটি মগ ভোটিংয়ের আয়োজন করবো । ওইদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট দেয়ার পদ্ধতি বিষয়ে ধারণা নিতে পারবে ।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, এ নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ৬ শত জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯১ জন। এ নির্বাচনে হিজড়া সম্প্রদায়ের লোকজনও ভোট প্রয়োগ করতে পারবে। হিজড়া ভোটার রয়েছেন একজন। এ নির্বাচনে ভোট প্রয়োগের মালামাল বিতরণ ও গ্রহণ করা হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে।


















































