রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শাশুড়িকে গলা কেটে হত্যা, পুত্রবধূ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

পারিবারিক দ্বন্দ্বে বরিশালের বাকেরগঞ্জে ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ লাবণ্য আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজনীন বেগম (৫০) ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।

নিহতের ভাসুর মো. কালাম হাওলাদার বলেন, বুধবার রাতে উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছে না। আমাকে ঘরে গিয়ে তার মায়ের খোঁজ নিতে বলে। আমি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পেছনের খোলা দরজা দিয়ে ঢুকেই চৌকির পাশে মশারিতে পেঁচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের লাশ দেখতে পাই। পরে পুলিশকে জানাই।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আলাউদ্দিন মিলন বলেন, স্থানীয়দের বরাতের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাই। অভিযুক্ত হত্যাকাণ্ডের পর তার জামাকাপড় রক্তে ভিজে যাওয়ায় সে তা চালের ড্রামের নিচে লুকিয়ে রেখেছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে।

বাকেরগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে ঘুমন্ত ওই নারীকে। পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটি তদন্তে উঠে আসবে। আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি।

স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবণ্য আক্তার উজ্জ্বলের মায়ের সঙ্গে এক ঘরেই বসবাস করত। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন । তারা দুই ভাই ঈদ শেষে ১০ এপ্রিল ঢাকায় ফিরে যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি