শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডাকাতি করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০২২

ডেস্ক রিপোর্টঃ

ডাকাতির উদ্দেশ্যে গভীর রাতে মিনি ট্রাক নিয়ে যাচ্ছিলেন তারা। পথে পুলিশের বাধায় তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়।

সোমবার রাত আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তিতে ৫ সন্দেহভাজন ডাকাতকে আটক করে পুলিশ।

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটকরা হলেন – বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আঃ রব হাওলারের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৩), শাহরাস্তি উপজেলার রায়শ্রী মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মো. সোহাগ (২২), কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি গ্রামের তোতা মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান প্রকাশ রনক প্রকাশ রনি (২৬), চৌদ্দগ্রাম উপজেলার ধনু সাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে মো. ইমাম হোসেন শাওন (২৮) ও লালমাই উপজেলার বলি পদুয়া গ্রামের কাজী শহিদুল ইসলামের ছেলে কাজী হোসেন (৩০)।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত্রিকালীন ডিউটিরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান একটি মিনি ট্রাককে থামান। ওই সময় ট্রাকের চালক ও চালক সহকারীসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে ট্রাকের ভেতর তল্লাশি করে ডাকাতির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, ট্রাকের ভেতর তল্লাশি করে হাতুড়ি, তালা কাটার যন্ত্র ও দড়িসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি