ডেস্ক রিপোর্টঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে খেলার মাঠ দখল করে ইট-বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার বাথানডাঙ্গা বাজার সংলগ্ন খেলার মাঠটি দখল করে সেখানে ওই এলাকার প্রভাবশালী এলোয়ার শেখ দীর্ঘদিন ধরে ইট-বালুর ব্যবসা করে আসছেন। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করছে না।
জানা গেছে, বাথানডাঙ্গা বাজার সংলগ্ন সরকারি খেলার মাঠে সপ্তাহের প্রতি শুক্র ও সোমবারে হাট বসে। বাকি দিনগুলোয় মাঠটিতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা করে। মাঠটি অনেক আগে থেকেই খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বর্তমানে মাঠটি দখল করে দোকানপাট নির্মাণ ও ইট-বালুর ব্যবসা করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা গেছে, সরকারি খেলার মাঠের উত্তর-পশ্চিম পাশের কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন কয়েকজন স্থানীয়রা। মাঠের পূর্বপাশে এলোয়ার শেখ নামে এক ব্যক্তি ইট-বালু ও খোয়া স্তূপ করে রেখে ব্যবসা করছেন। এতে মাঠটিতে খেলাধুলায় বিঘ্ন ঘটছে। এছাড়া স্তুপ করে রাখা বালু শুষ্ক মৌসুমে বাতাসে উড়ে হাটে আসা লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ছোটবেলা থেকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলে আসছি। কিন্তু মাঠ দখল ও মাঠে ইট-বালু ও খোয়া রাখায় এখন আর খেলাধুলা করা যায় না। খেলতে গেলে খোয়া ও পাথরের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়।
এলোয়ার শেখ বলেন, আজ নতুন ইট-বালুর ব্যবসা করছি না। দীর্ঘদিন ধরে মাঠেই ইট-বালু রেখে ব্যবসা করছি। সরকারের যখন মাঠ লাগবে, তখন মাঠ ছেড়ে দেব।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















































