শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০২২

ক্যাম্পাস ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রবিবার দুপুরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে ডুবে যান পলাশ আহমেদ। প্রায় ২৫ মিনিট পর তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগেই তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে দুপুর ২ টা ২৫ মিনিটে তিনি মারা যান।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি