শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল তালুকদার (২৬) একই ইউনিয়নের ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে। অভিযুক্ত পাখি আক্তার করদী গ্রামের আনিস শিকদারের মেয়ে। তারা দুজন প্রেম করে বিয়ে করেন।

স্বজনরা জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে রুহুল তালুকদারের সঙ্গে বিয়ে হয় করদী গ্রামের আনিস শিকদারের মেয়ে পাখি আক্তারের। বিয়ের পর পরই পাখি মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশবৈঠক করেও ব্যর্থ হন মাদবররা। মাসখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান পাখি। সবশেষ মঙ্গলবার রাতে মোবাইল ফোনে রুহুলকে তার শ্বশুরবাড়ি ডেকে নেওয়া হয়।

পরে শ্বাসরোধে হত্যা অভিযোগ ওঠে পাখি ও তার বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে। হত্যার পর এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

নিহতের ভাগ্নে সোহরাব তালুকদার বলেন, আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়েছে। অথচ আমাদের বলছে— এটি আত্মহত্যার ঘটনা। ডেকে নিয়ে আমার মামাকে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত রুহুলের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি