ডেস্ক রিপোর্ট:
পাবনার ভাঙ্গুড়ায় রিয়া খাতুন (১৬) নামে এক কিশোরী বধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার খান মরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়া ওই গ্রামের মনির হোসেনের ছেলে তুহিনের স্ত্রী ও একই গ্রামের রেজাউলের মেয়ে। রিয়া ও তুহিন পাশ্ববর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, রিয়া ও তুহিন দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। একই শ্রেণিতে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয়ের পরিবারের সম্মতিতে প্রায় ৯ মাস আগে তাদের বিয়ে হয়। রিয়ার মা ঢাকায় একটি পোশাক খারখানায় কাজ করেন আর তুহিন পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করেন। দরিদ্রতার কারণে বিয়ের পর থেকে রিয়া ও তুহিনের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।
আর্থিক সচ্ছলতা আনতে রিয়া তুহিনকে নিয়ে ঢাকায় মায়ের কাছে গিয়ে পোশাক কারখানায় কাজ করতে চাইতো। কিন্তু তুহিন ও তার পরিবার এতে সম্মত না হওয়ায় তাদের বিরোধ চরমে পৌঁছায়। ফলশ্রুতিতে সোমবার সন্ধ্যায় রিয়া সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করেছেন। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


















































