ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে ও শনিবার সকালে উপজেলার রাঁধানগর ইউনিয়ন লেবুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পার্বতীপুর ইউনিয়নের দান্দিপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে ফারুক (৪০) ও রাঁধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের একরামুল হকের ছেলে রিপন (২০)।
পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ফারুক দোকানে অটো চার্জারভ্যান চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে শনিবার সকালে বাড়িতে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আপন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


















































