ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর সোনাইমুড়ীতে আইরিন আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বজরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইরিন আক্তার ঘোষকামতা গ্রামের গনকবাড়ির দক্ষিণ আফ্রিকা প্রবাসী মহিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে ঘোষকামতা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মহিবুরের সঙ্গে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নুরুল আমিনের মেয়ে আইরিনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর নিজের কর্মস্থল আফ্রিকায় চলে যান মহিবুর।
শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত ননদ সাথী আক্তারের সঙ্গে বসে টিভি দেখছিলেন আইরিন। এ সময় মহিবুর মোবাইলে কল দিলে নিজের কক্ষে চলে যান আইরিন।
অনেক সময় পার হলেও টিভি দেখতে না আসায় ভাবির কক্ষের দিকে এগিয়ে যান সাথী। দরজা খুলে ভেতরে ঢুকতেই আইরিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তিনি।
পরে বাড়ির লোকজন আইরিনকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন আইরিন।


















































