শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের আসর থেকে পলাতক আসামি গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আসর থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বাবু তালুকদার ওরফে রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তার রাসেলকে শনিবার ( ২ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবু তালুকদার উপজেলার আমরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ২০১২ সালে সিলেটের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় রাসেলের (৩৫) নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে আটক করে থানা হাজতে রাখেন। পরে স্বজনরা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে চালাকি করে রাসেলের নাম বাবু দেখিয়ে থানা পুলিশকে ভুল তথ্য দিয়ে শুক্রবার রাতে ছাড়িয়ে নেয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক তোলপাড় হলে পুলিশ যাচাই করে বুঝতে পারেন মো. বাবু তালুকদারের নামই রাসেল। পরে তাকে শুক্রবার বিকেল উপজেলার বড়শৌলা গ্রামের বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, আমার ভাগ্নে রাসেল সম্প্রতি বিদেশ থেকে আসেন। শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকায় আমি মানবিক কারণে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছিলাম। কিন্তু পুলিশ আমাকে জানায় তার (রাসেল) বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে জানতে পারি ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রত্যয়ন দেয়ায় আমার ভাগিনাকে ছেড়ে দেয়া হয়।

ধানীসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুন তালুকদার জানান, এ ব্যক্তির দুটি নাম তা জানা ছিল না।

মঠবাড়িয়া থানার এসআই কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে রাসেল নামে গ্রেপ্তার করা হয়। কিন্তু ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রত্যয়ন দিয়েছেন ওই ব্যক্তি বাবু। নামে মিল না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।

ওসি মুহা নূরুল ইসলাম বাদল বলেন, নামের বিভ্রাটের কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। পরে যাচাই করে তাকেই শুক্রবার বিকেলে ফের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাসেলকে শনিবার (২ জুলাই) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি