স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন প্রযুক্তির যুগ। বিশ্বের বিভিন্ন দেশেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হয়েছে। এখানে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। এতো চমৎকার এবং শান্তিপূর্ণ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে অতীতে দেখিনি।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ।
এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম।
গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
উল্লেখ্য, ২৩ জুন কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।


















































