বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচিত হওয়ার পর প্রথম বৈঠকে যা বললেন কুমিল্লার নতুন মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

নির্বাচিত হওয়ার পর কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রথম বৈঠক করেছেন নতুন মেয়র ও কাউন্সিলররা। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশন অতীন্দ্র মোহন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেয়র আরফানুল হক রিফাত। এসময় তিনি কুমিল্লা সিটিকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান।

এক প্রশ্নের জবাবে রিফাত বলেন, নগরীর দুই প্রধান সমস্যা যানজট ও জলজট। তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। আমার নির্বাচনী ১১টি প্রতিশ্রুতির সবগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।
সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের বিষয়ে রিফাত বলেন, আমি কুমিল্লার জনগণকে কমিটমেন্ট দিয়েছি। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছি। ঈদের পর সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো।

বক্তব্যের শুরুতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা না দিলে মেয়র হতে পারতাম না। নেত্রীর সহযোগিতায় আধুনিক উন্নত কুমিল্লা গড়বো।

নগরবাসীর উদ্দেশে নতুন মেয়র বলেন, আমি নগর পিতা হতে আসিনি। আপনাদের সেবক হতে এই চেয়ারে বসেছি। আমি নগর সেবক হয়ে কাজ করবো। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে চলে আসবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, আমি বলেছি সিটি কর্পোরেশনকে দলীয় কার্যালয় বানাবো না। আমি আমার কথা রাখবো। এই বিষয়ে আমি আমার দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।

এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে ৩৪৩ ভোটে জয় পান নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ৫ জুলাই প্রধানমন্ত্রী শপথ পাঠ করান নতুন মেয়রকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি