শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কসাই সেজে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তারা কসাই এর ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে। আবার গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখে!

গতকাল ( ৮ জুলাই) রাতে নগরীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নং সেক্টর এলাকা থেকে এমনই একটি চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ টি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। এদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারদের প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। ঈদ উপলক্ষে তারা মাঠে নেমেছে। গত কয়েকদিন ধরে তারা গরু বেপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তারা নতুন কৌশল গ্রহণ করে। তারা সবাই কসাই এর ছদ্মবেশ ধরে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই তারা কসাই এর ছদ্মবেশে ঘুরে। কারণ, কসাই ছদ্মবেশে সহজেই ছুরি হাতে চলাফেরা করতে পারে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ছদ্মবেশে গ্রেপ্তারকৃতরা ৭ নং সেক্টর এলাকায় টার্গেট খুঁজছিল। পরে তাদের গতিবিধি টহল পুলিশের সন্দেহ হলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেপ্তার এড়াতে আনিস ও রাকিব নিজেদের গায়ে পায়খানা মাখে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি