শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায়, নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন। আজ শনিবার  ( ১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের কুমুদিনী হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি বাসের চালক ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি