ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাখরনগর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, ঢাকামুখী আল-মোবারক পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


















































